অবশেষে বদলি করা হলো ইডিসিএলের ডেপুটি ম্যানেজার শামীমকে
রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ডেপুটি ম্যানেজার শামীম আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বগুড়ায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে শামীম আহমেদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি এবং বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ করে আসছিলেন প্রতিষ্ঠানের একাংশের কর্মকর্তা-কর্মচারী।
অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নাম ব্যবহার করে বিশেষ কোটায় নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। প্রায় ৯০ জনের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ভুয়া পরিচয়পত্র, স্বজনপ্রীতি এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র তদন্ত ও প্রমাণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া প্রয়োজন।
এদিকে এসব অভিযোগের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের কাছে অভিযোগ জানান কর্মকর্তা-কর্মচারীরা। পরে মন্ত্রীর নির্দেশনায় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে শামীম আহমেদকে বগুড়ায় বদলি করা হয়েছে।
শামীমের বদলির খবরে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। তবে তাদের দাবি, শুধু একজন কর্মকর্তাকে বদলি করলেই অনিয়মের অবসান হবে না। নিয়োগপ্রক্রিয়ায় ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রশাসন শাখায় কর্মরত আরও কয়েকজনের ভূমিকা এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের প্রত্যাশা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।

মন্তব্য করুন: