মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪
নেত্রকোণার মদনে মাদক সেবনরত অবস্থায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতের ওই ঘটনার পর মঙ্গলবার বিকেলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সওদাগর পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়। আটককৃত অপর তিন যুবক হলেন— মদনের হুমায়ুন কবির (৩২) ও মো. মানিক (৩০) এবং আটপাড়ার তারেক (২৪)।
মঙ্গলবার সকালে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অন্যদিকে, আটকের বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সিদ্ধান্তে হিরাকে বহিষ্কার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, "মাদক সেবনরত অবস্থায় বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।"

মন্তব্য করুন: